
কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটিই বর্তমানে বন্ধ
পানির স্তর আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্রের উৎপাদন প্রায় স্থবির হয়ে পড়েছে। কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটিই বর্তমানে বন্ধ। ফলে স্বাভাবিক সময়ের ২৪২ মেগাওয়াট উৎপাদনের বিপরীতে এখন পাওয়া যাচ্ছে মাত্র ৪০ মেগাওয়াট। হ্রদের পানির বর্তমান স্তর (মিন সি লেভেল) ৭৭ দশমিক ৪৭ ফুটে নেমে আসায় এই সংকট তৈরি হয়েছে।
বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, পানি স্বল্পতার কারণে বাধ্য হয়ে একটি ইউনিট চালু রাখা হয়েছে। সব কটি ইউনিট চালালে হ্রদের পানি দ্রুত শুকিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। উৎপাদন কমে যাওয়ায় রাঙামাটি জেলাজুড়ে লোডশেডিং চরম আকার ধারণ করেছে। জেলায় ৩২ মেগাওয়াট চাহিদার বিপরীতে গড়ে মাত্র ১৮ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। দিনের বেলা চাহিদা ১৪ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে মাত্র ৭ মেগাওয়াট। ফলে তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
