
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন
মাদরাসা শিক্ষাকে আধুনিকায়ন ও কর্মমুখী করার লক্ষ্যে ঐতিহাসিক উদ্যোগ গ্রহণ করেছে সরকার। দেশের আরও এক হাজার মাদরাসায় পর্যায়ক্রমে কারিগরি ট্রেড কোর্স চালু করা হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের ২০তম অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য জানান।
তিনি বলেন, মাদরাসা শিক্ষাকে কেবল ধর্মীয় গণ্ডিতে সীমাবদ্ধ না রেখে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি নির্ভর যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে তোলা হচ্ছে।
শিক্ষামন্ত্রী জানান, মাদরাসা শিক্ষার্থীরা যাতে পড়াশোনা শেষ করে সরাসরি কর্মক্ষেত্রে যোগ দিতে পারে, সেজন্য কারিকুলামে বড় পরিবর্তন আনা হচ্ছে। এরই মধ্যে দেশের ৫৪৮টি মাদরাসায় সফলভাবে ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে। এই সাফল্যের ধারাবাহিকতায় আরও ১০০০ মাদরাসায় বৃত্তিমূলক ও পেশাভিত্তিক বিষয় যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের একটি বিশেষ কমিটি ইতিমধ্যে নতুন শিক্ষাক্রম তৈরির কাজ শুরু করেছে, যা শিক্ষার্থীদের ইংরেজি ও প্রযুক্তিতে পারদর্শী করে তুলবে।