
জাতীয় সংসদে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত ছবি
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় পরামর্শ দিতে সরকারি দলের পাঁচ সদস্যের একটি কমিটি ঘোষণা করেছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ ভবনে অধিবেশন চলাকালে তিনি এ ঘোষণা দেন।
প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলীয় নেতা বুধবার দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। বিষয়টি নিয়ে আলোচনা করে সবাই একমত হয়েছেন, কারণ এটি শুধু বাংলাদেশের নয়, বৈশ্বিক সমস্যা। বিশ্বজুড়েই এর প্রভাব পড়েছে।
তিনি জানান, সরকারের পক্ষ থেকে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বিরোধী দলকেও পাঁচ সদস্যের নাম দেওয়ার আহ্বান জানানো হয়েছে। উভয় পক্ষের ১০ সদস্য একসঙ্গে বসে আলোচনা করে সুপারিশ দিলে তা সরকারের কাছে উপস্থাপন করা হবে। বাস্তবসম্মত হলে সরকার তা কার্যকর করার উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির প্রধান করা হয়। অন্য সদস্যরা হলেন- প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), সংসদ সদস্য মাইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
প্রধানমন্ত্রীর প্রস্তাবে সম্মতি জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, বিষয়টিকে ইতিবাচকভাবে নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তিনি আশা প্রকাশ করেন, জাতীয় সংসদ দেশের সব সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে। বিরোধী দলের পাঁচ সদস্যের নামও দ্রুত দেওয়া হবে বলে জানান তিনি।