
রুমিন ফারহানা।
সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি এবং গ্রামে দীর্ঘ লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে অভিযোগ তুলেছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেন, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের নির্ধারিত দাম ১ হাজার ৯৪০ টাকা হলেও ২ হাজার ২০০ টাকার নিচে কোথাও পাওয়া যায় না।
বৃহস্পতিবার সংসদের বৈঠকে ‘বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব’ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, ঢাকায় যেখানে এক থেকে দুই ঘণ্টা লোডশেডিং হয়, সেখানে গ্রামে তা ১৪ ঘণ্টা পর্যন্ত পৌঁছে যায়। ফলে গ্যাস না থাকলে সাধারণ মানুষের রান্নার জন্য বিকল্প জ্বালানিও থাকছে না।
নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া-২ এর গ্যাস সংকটের কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস সারা দেশে গেলেও স্থানীয় মানুষ পর্যাপ্ত গ্যাস পাচ্ছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত গ্যাসের চাপ থাকে না, চুলা মিটমিট করে জ্বলে। অবৈধ সংযোগ ও তদারকির অভাবেও সংকট আরও বেড়েছে বলে অভিযোগ করেন তিনি।

প্রস্তাবের জবাবে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, গ্যাসের চাপ কমে যাওয়ায় সরবরাহে ঘাটতি তৈরি হয়েছে। শিল্পকারখানা সচল রাখতে যতটা সম্ভব গ্যাস দেওয়া হচ্ছে। তিনি জানান, বর্তমান সরকার বাপেক্সকে শক্তিশালী করে নতুন গ্যাস অনুসন্ধান শুরু করেছে।
মন্ত্রী আরও বলেন, দেশীয় পরিত্যক্ত গ্যাসক্ষেত্র থেকে অবশিষ্ট গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি উৎপাদনের স্বার্থে আগামী ১ মে থেকে সার কারখানায় গ্যাস সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।