
সংগৃহীত ছবি
দেশের জ্বালানি সংকট, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তুলে সরকার ও ছাত্রদলের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদেক কায়েম। বৃহস্পতিবার মধ্যরাতে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
সাদেক কায়েম দাবি করেন, জ্বালানি ব্যবস্থাপনা, কূটনৈতিক দুর্বলতা ও নিরাপত্তা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা আড়াল করতেই ছাত্রদলকে ব্যবহার করা হচ্ছে। তার অভিযোগ, ক্যাম্পাসে দেশীয় অস্ত্র নিয়ে ত্রাস সৃষ্টি করা হচ্ছে এবং ভুয়া স্ক্রিনশটের মাধ্যমে শিক্ষার্থীদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, একটি ফেসবুক স্ক্রিনশটকে কেন্দ্র করে ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলেও পরে সেটি ভুয়া বলে প্রমাণিত হয়েছে। এ ঘটনায় বিচার ও নিরাপত্তা চাইতে শাহবাগ থানায় গেলে ডাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা ছাত্রদলের হামলার শিকার হন বলে দাবি করেন তিনি। এতে কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলেও জানান।

ক্যাম্পাস সাংবাদিকদের ওপর হামলার অভিযোগও তোলেন ডাকসু ভিপি। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্তত ১৬ জন সাংবাদিক হেনস্তার শিকার হয়েছেন। পুলিশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের উচ্চপর্যায়ে সহায়তা চেয়েও সাড়া পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন তিনি।
পরিস্থিতিকে শিক্ষাঙ্গন অস্থিতিশীল করার পরিকল্পিত অপচেষ্টা উল্লেখ করে সাদেক কায়েম সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে অস্ত্রনির্ভর বা কর্তৃত্ববাদী রাজনীতি বর্তমান প্রজন্ম মেনে নেবে না।