
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ইরানের সঙ্গে সম্ভাব্য যেকোনো চুক্তির বিষয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের জন্য উপযুক্ত ও লাভজনক না হলে তেহরানের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ওয়াশিংটন।
মার্কিন সংবাদমাধ্যমে ইরান যুদ্ধের কাভারেজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, অনেকেই মনে করছেন তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে আগ্রহী। তবে এ ধারণা নাকচ করে তিনি দাবি করেন, তার হাতে পর্যাপ্ত সময় থাকলেও ইরানের সময় দ্রুত ফুরিয়ে আসছে।
যুদ্ধে যুক্তরাষ্ট্রের সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও প্রতিরক্ষা সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। একই সঙ্গে দেশটির শীর্ষ নেতৃত্বও চাপে রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অবরোধ প্রসঙ্গে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত নিষেধাজ্ঞা ও চাপ এখন আরও কঠোর ও কার্যকর হয়েছে। তার ভাষায়, বর্তমান পরিস্থিতি ইরানের জন্য সামনে আরও কঠিন হয়ে উঠবে।
তিনি আরও বলেন, কোনো চুক্তি তখনই হবে, যখন তা যুক্তরাষ্ট্র, মিত্র দেশসমূহ এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য কল্যাণকর ও গ্রহণযোগ্য হবে।
সূত্র: আল–জাজিরা