
ইতালি ফুটবল দল। ছবি: সংগৃহীত
২০২৬ বিশ্বকাপ ফুটবলে ইরানকে সরিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে অন্তর্ভুক্ত করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লির দেওয়া প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ইতালির ক্রীড়া কর্মকর্তারা।
জাম্পোল্লি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কাছে প্রস্তাব করেছিলেন যে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে যদি ইরান শেষ মুহূর্তে অংশ নিতে না পারে, তবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ইতালির অংশগ্রহণ যুক্তিসংগত হতে পারে।
তবে ইতালির ক্রীড়ামন্ত্রী আন্দ্রেয়া আবোদি এই প্রস্তাবকে অত্যন্ত কঠোরভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছেন, ইতালির এভাবে বিশ্বকাপে যাওয়ার প্রশ্নই ওঠে না। তিনি স্পষ্ট করে বলেন যে, প্রথমত এটি সম্ভব নয় এবং দ্বিতীয়ত এটি উপযুক্তও নয়, কারণ বিশ্বকাপে জায়গা পেতে হয় মাঠের খেলায় যোগ্যতা অর্জন করে।

একই সুরে কথা বলেছেন ইতালির অলিম্পিক কমিটির সভাপতি লুচিয়ানো বুয়োনফিগ্লিও এবং অর্থমন্ত্রী জিয়ানকার্লো জর্জেত্তি। বুয়োনফিগ্লিও এই প্রস্তাবকে রীতিমতো ‘অপমানজনক’ বলে আখ্যা দিয়ে জানান, যোগ্যতা অর্জন ছাড়া বিশ্বকাপে যাওয়া হবে তাদের জন্য চরম লজ্জাজনক।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানি খেলোয়াড়দের যুক্তরাষ্ট্রে আসতে কোনো বাধা নেই। তবে দলের সঙ্গে আসা অন্যান্য ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি কড়া নজরদারিতে থাকবে। রুবিও ইঙ্গিত দেন যে, ইরান যদি নিজেরা না আসার সিদ্ধান্ত নেয়, তবেই হয়তো বিকল্প কথা ভাবা যেতে পারে।
এই ঘটনার প্রতিক্রিয়ায় রোমে অবস্থিত ইরান দূতাবাস জানিয়েছে, ফুটবল জনগণের বিষয় এবং ইরানকে বাদ দেওয়ার এই চেষ্টা যুক্তরাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্বই প্রকাশ করে। ইরান ইতোমধ্যে মাঠের লড়াইয়ে যোগ্যতা অর্জন করেছে এবং ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
উল্লেখ্য, বাছাইপর্বে ইরান প্রথম দিকেই জায়গা নিশ্চিত করলেও ইতালি টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে উঠতে ব্যর্থ হয়েছে। ফিফাও শুরু থেকেই জানিয়ে আসছে যে, তারা নির্ধারিত সূচি অনুযায়ী ইরানের খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী এবং এই মূহুর্তে দল পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।