
ছবি: সংগৃহীত
জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে পুনরায় দলীয়করণ ও বৈষম্যের প্রবণতা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে রাজনৈতিকভাবে প্রভাবিত করা হচ্ছে এবং বিশ্ববিদ্যালয়গুলোতেও ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি আবার মাথাচাড়া দিয়ে উঠছে।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, কোনোভাবে ফ্যাসিবাদ বা স্বৈরতান্ত্রিক শাসন টিকিয়ে রাখার চেষ্টা হলে জনগণ আবারও সংগঠিত হবে এবং এনসিপির নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটি ঐতিহাসিক সংগ্রামের ভেতর থেকে এনসিপির জন্ম হয়েছে। তরুণদের শক্তিকে কাজে লাগিয়ে দেশের পরিবর্তন ও সংস্কারের যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেটিকে বাস্তবায়নের লক্ষ্যেই দলটি কাজ করে যাচ্ছে।
দেশজুড়ে এনসিপির প্রতি ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, একটি সুসংগঠিত রাজনৈতিক দল গড়ে তোলার মাধ্যমে তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণ করতে চায় এনসিপি। পাশাপাশি বাংলাদেশকে আন্তর্জাতিক পরিমণ্ডলে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি, বৈষম্য দূরীকরণ এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে দলটি।
নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, নির্বাচনের সময় জনগণের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল—এটি শুধুমাত্র একটি সাধারণ নির্বাচন নয়, বরং রাষ্ট্র সংস্কার ও পরিবর্তনের নির্বাচন—সরকার গঠনের পর তা উপেক্ষা করা হয়েছে। এমনকি নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের ফলাফলও অস্বীকার করা হয়েছে।
তিনি আরও বলেন, সরকার জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে নির্বাচনকে বিচ্ছিন্ন করে কেবল ক্ষমতার পালাবদলের একটি সাধারণ প্রক্রিয়ায় পরিণত করেছে। সংবিধানসহ গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবগুলোও ধীরে ধীরে বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।