
ছবি: সংগৃহীত
লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা আড়াই হাজারের কাছাকাছি পৌঁছেছে। সবশেষ তথ্য অনুযায়ী, চলমান এই রক্তক্ষয়ী সংঘাত ও হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে এখন পর্যন্ত ২ হাজার ৪৯১ জন প্রাণ হারিয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) আল-জাজিরার এক প্রতিবেদনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই ভয়াবহ চিত্র তুলে ধরা হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই সংঘাতে নিহতের পাশাপাশি আহতের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। এখন পর্যন্ত অন্তত ৭ হাজার ৭১৯ জন আহত হয়েছেন। প্রতিদিন নতুন নতুন এলাকা ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু হওয়ায় বেসামরিক নাগরিকদের নিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে।

সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা করলেও মাঠপর্যায়ে তার প্রভাব এখনো অনিশ্চিত। যুদ্ধবিরতির ঘোষণার পরও বেশ কিছু অঞ্চলে নতুন করে হামলার খবর পাওয়া গেছে, যা পুরো অঞ্চলজুড়ে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে।
এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্বরত এক ইন্দোনেশীয় সেনার মৃত্যু হয়েছে। ইউনিফিল জানিয়েছে, নিহত সেনার নাম করপোরাল রিকো প্রামুদিয়া। গত ২৯ মার্চ দক্ষিণ লেবাননের আদশিত আল কুসাইর এলাকায় তাদের ঘাঁটিতে একটি প্রজেক্টাইল আঘাত হানলে তিনি গুরুতর আহত হন।
সংস্থাটি আরও জানায়, দীর্ঘ দিন চিকিৎসাধীন থাকার পর অবশেষে তিনি মারা যান। ওই একই হামলায় এর আগে ঘটনাস্থলেই আরেকজন শান্তিরক্ষী নিহত হয়েছিলেন। তবে হামলাটি ঠিক কারা চালিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সংঘাত দীর্ঘায়িত হওয়ায় লেবাননে মানবিক বিপর্যয় আরও ঘনীভূত হচ্ছে এবং আন্তর্জাতিক মহলে যুদ্ধ বন্ধের চাপ বাড়ছে।