
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলে স্পষ্ট জানিয়েছে তেহরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি জানান, ইসলামাবাদ সফরে ইরানের পক্ষ থেকে পাকিস্তানকে নিজেদের পর্যবেক্ষণ ও অবস্থান জানানো হবে। একই সঙ্গে এ সফরকে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার অংশ বলেও উল্লেখ করেন তিনি।

ইসমাইল বাঘাই আরও বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইতোমধ্যে ইসলামাবাদে পৌঁছেছেন এবং তিনি পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এসব বৈঠক মূলত যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে পাকিস্তানের চলমান মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
সূত্র: আল-জাজিরা