
ফাইল ছবি
পবিত্র হজ পালনের উদ্দেশে এখন পর্যন্ত ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত বিশেষ বুলেটিন অনুযায়ী, গত ১৮ এপ্রিল আনুষ্ঠানিক যাত্রা শুরু হওয়ার পর থেকে শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত পর্যন্ত মোট ৮১টি ফ্লাইটে তারা সেখানে পৌঁছান।
হজযাত্রীদের পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৩৩টি ফ্লাইটে ১৩,৬৮৪ জন, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস (সাউদিয়া) ৩০টি ফ্লাইটে ১১,২৯৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনস ১৮টি ফ্লাইটে ৭,৫৪৯ জন যাত্রী বহন করেছে।
তবে এর মধ্যেই মক্কায় দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তারা হলেন টাঙ্গাইল সদরের মো. আবুল কাশেম ও জয়পুরহাট সদরের মো. নইম উদ্দীন মন্ডল। এর মধ্যে আবুল কাশেম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এবং নইম উদ্দীন মন্ডল স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

চলতি বছর মোট ৭৯,৫০০ জন বাংলাদেশি হজ পালন করবেন, যার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫,৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩,৯৩৫ জন রয়েছেন। আগামী ২১ মে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা শেষ হবে এবং ৩০ মে থেকে শুরু হবে ফিরতি ফ্লাইট, যা চলবে ৩০ জুন পর্যন্ত।