
নারায়ণগঞ্জে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সংগৃহীত ছবি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পরও দেশে শিল্পকারখানার উৎপাদন ও রপ্তানিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েনি বলে দাবি করেছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, সরকার বিদ্যুৎ উৎপাদনের পর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বেসরকারি শিল্পকারখানাকে।
শনিবার (২৫ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় জিয়া হল প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত পাঁচ দিনব্যাপী বহুমুখী পাট পণ্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, জ্বালানি সংকটের মধ্যেও শিল্প উৎপাদন কমেনি। রপ্তানিতে সামান্য ধীরগতি থাকলেও এর কারণ অভ্যন্তরীণ জ্বালানি সমস্যা নয়, বরং বিশ্ববাজারে চাহিদা কমে যাওয়া।

তিনি আরও বলেন, কম জ্বালানি ব্যবহারকারী শিল্পে বিনিয়োগ বাড়াতে সরকার পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি তেল-গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানি এবং ভবিষ্যৎ সংকট মোকাবিলায় জ্বালানি মজুদের উদ্যোগও নেওয়া হচ্ছে।
পাট খাতের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী পাটশিল্পকে আন্তর্জাতিক বাজারে এগিয়ে নিতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। পাটবীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে কৃষি মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘ক্র্যাশ প্রোগ্রাম’ বাস্তবায়ন চলছে। এটি সফল হলে বিদেশি বীজ আমদানির নির্ভরতা কমবে।
অনুষ্ঠান শেষে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, সচিব আব্দুন নাসের খান, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও জেলা প্রশাসক মো. রায়হান কবির উপস্থিত ছিলেন।