
রুমি এ হোসেন। ছবি: সংগৃহীত
রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। ব্যাংক এশিয়া পিএলসির স্পন্সর ডিরেক্টর ও বোর্ড নির্বাহী কমিটির চেয়ারম্যান রুমি এ হোসেনকে পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১৩ সদস্যের এই নতুন পর্ষদ গঠনের কথা জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘দ্য কোম্পানিজ অ্যাক্ট, ১৯৯৪’ এবং বিমানের নিজস্ব বিধিমালা অনুযায়ী এই পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নবনিযুক্ত চেয়ারম্যান রুমি এ হোসেনের নেতৃত্বে এই পর্ষদে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সামরিক বাহিনীর প্রতিনিধি, আইন বিশেষজ্ঞ এবং দেশের শীর্ষস্থানীয় উদ্যোক্তাদের সমন্বয় ঘটানো হয়েছে।

নতুন এই পর্ষদে সদস্য হিসেবে রয়েছেন অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব ফাহিমিদা আক্তার, সহকারী বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান এবং সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মো. হাসান উজ জামান।
এছাড়াও বিশেষজ্ঞ ও বেসরকারি খাত থেকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ, ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহিম এবং ইনডেক্স কোম্পানিজের মো. মামুনুর রশীদ। পর্ষদের অন্য সদস্যরা হলেন ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবু নাসের আহমেদ ইশতিয়াক এবং বিমানের ব্যবস্থাপনা পরিচালক কাইজার সোহেল আহমেদ।