
মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, মুক্তিযুদ্ধের মূল লক্ষ্য চেতনাকে আমরা বাস্তবায়ন করবো। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার জন্য আমরা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে আগামী দিনে এগিয়ে যাব।
রোববার (২৬ এপ্রিল) সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এই মন্তব্য করেন তিনি।
এসময় মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠার জন্য এবং যে কারণে মুক্তিযুদ্ধ হয়েছিল সেটিকে সঠিকভাবে বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

ইশরাক হোসেন বলেন, আমরা শুনতে পেয়েছি এবং আমাদের বীর মুক্তিযোদ্ধাদের মুখে জেনেছি একাত্তরের পর একটা ভয়াবহ দুঃশাসন এবং একদলীয় শাসন জাতির ঘাড়ে চাপিয়ে দেয়া হয়েছিল। এরপর বিগত ৫৪ বছর ধরে মুক্তিযুদ্ধের যে মূল লক্ষ্য ছিল সেটি থেকে বারবার দেশ বিচ্যুত হয়েছে।’
অবশেষে দীর্ঘ দেড় যুগের ফ্যাসিবাদী আন্দোলন শেষে আবারও গণতন্ত্রকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ পেয়েছেন জানিয়ে ইশরাক বলেন, তারেক রহমান কমিটির এক নম্বর সদস্য হিসেবে থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আদর্শকে প্রতিষ্ঠার জন্য আমাদের উদ্বুদ্ধ করেছেন। আমাদের অনুপ্রেরণা যুগিয়েছেন।’
এ সময় রুহুল কবির রিজভী বলেন, ‘গণতন্ত্রের কথা বললে অবশ্যই সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে আলোচনা অব্যাহত থাকতে হবে। তবে প্রতিবাদ হতে পারে। কারণ প্রতিবাদও গণতান্ত্রিক পদ্ধতিরই একটি অংশ। কিন্তু এর সাথে আলোচনাও থাকতে হবে।
আলোচনার মধ্য দিয়েই তৈরি বিভিন্ন ধরনের বিতর্কের অবসান হওয়া সম্ভব বলেও মন্তব্য করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
তিনি বলেন, ‘বিতর্ক ও আলোচনার মধ্য দিয়ে উদ্ভূত প্রশ্নের মীমাংসা হয়ে যাবে। তাতেই আমাদের গণতন্ত্র শক্তিশালী হবে। আর গণতন্ত্র শক্তিশালী হলে অর্থনীতির পাশাপাশি সার্বভৌমত্ব ও স্বাধীনতাও শক্তিশালী হবে।’