
কান চলচ্চিত্র উৎসব
বিশ্ব চলচ্চিত্রের মহোৎসব ‘কান চলচ্চিত্র উৎসব’-এর ৭৯তম আসরের পর্দা উঠছে আগামী ১২ মে। সম্প্রতি ফ্রান্সের প্যারিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের আসরের আনুষ্ঠানিক লাইনআপ ঘোষণা করা হয়েছে। এবারের মূল প্রতিযোগিতা বিভাগে বিশ্বের খ্যাতিমান ২১ জন নির্মাতা স্থান পেয়েছেন, যারা লড়বেন উৎসবের সর্বোচ্চ সম্মাননা ‘পাম দ্যর’ জয়ের জন্য।
পাম দ্যর জয়ের দৌড়ে এবার রয়েছেন আসগর ফারহাদি, পেদ্রো আলমোদোভার, হিরোকাজু কোরে-এডা এবং পাওয়েল পাওলিকোভস্কির মতো বিশ্বখ্যাত নির্মাতারা। এবারের আসরে আন্তর্জাতিক ও স্বাধীন ধারার সিনেমাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মার্কিন নির্মাতা ইরা স্যাক্সের ‘দ্য ম্যান আই লাভ’ এবং হিরোকাজু কোরে-এডার ‘শিপ ইন দ্য বক্স’ সিনেমাগুলো ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।

ফরাসি নির্মাতা পিয়ের সালভাদোরির ‘দ্য ইলেকট্রিক কিস’ সিনেমার মাধ্যমে উৎসবের উদ্বোধন হবে। এবারের জুরি বোর্ডের সভাপতির দায়িত্ব পালন করবেন দক্ষিণ কোরীয় নির্মাতা পার্ক চ্যান-উক।
এছাড়া চলচ্চিত্রে আজীবন অবদানের জন্য সম্মানসূচক পাম দ্যর পাচ্ছেন পিটার জ্যাকসন এবং বারব্রা স্ট্রাইস্যান্ড। ১২ মে শুরু হয়ে এই জমকালো আয়োজন চলবে ২৩ মে পর্যন্ত।