
‘সর্দার বাড়ির খেলা’
নাম পরিবর্তনের পর অবশেষে মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হলো চিত্রনায়ক জিয়াউল রোশান ও শবনম বুবলী জুটির নতুন সিনেমার। ‘পুলসিরাত’ নামে শুটিং শুরু হলেও সেন্সর বোর্ডের আপত্তির মুখে ছবিটির নাম বদলে রাখা হয়েছে ‘সর্দার বাড়ির খেলা’। আগামী ৮ মে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সম্প্রতি পরিবেশনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়া তাদের ফেসবুক পেজে সিনেমাটির ট্রেলার প্রকাশ করে মুক্তির এই ঘোষণা দেয়। তবে মুক্তির তারিখ ঘোষণার পরও সিনেমাটির প্রচারণায় নায়ক-নায়িকা কিংবা পরিচালকের উপস্থিতি দেখা যাচ্ছে না।
এ বিষয়ে রোশান জানিয়েছেন, ট্রেলার প্রকাশ বা মুক্তির তারিখ নিয়ে তাকে আগে থেকে কিছু জানানো হয়নি, তাই তিনি এখনো প্রচারণায় নামেননি। অন্যদিকে, পরিচালক রাখাল সবুজ জানান, দেশের বাইরে থাকায় বুবলীও আপাতত প্রচারণার বাইরে রয়েছেন।

২০২২-২৩ অর্থবছরে সরকারি অনুদান পাওয়া এই সিনেমায় রোশান-বুবলী ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, নাসির উদ্দিন খান এবং ইরেশ যাকেরের মতো শক্তিশালী অভিনয়শিল্পীরা।