
ফাইল ছবি
জাতীয় সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত আইন সংশোধন করে রোববার সংসদে বিল পাস হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দ্যা মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩ সংশোধন’ বিলটি উত্থাপন করলে পরে কণ্ঠভোটে তা পাস হয়।
বিলের মাধ্যমে বিদ্যমান আইনের ৩সি ধারা বাতিল করা হয়েছে। ওই ধারায় সংসদ সদস্যরা মেয়াদকালে শুল্কমুক্তভাবে একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানির সুযোগ পেতেন। এছাড়া সর্বশেষ আমদানির পাঁচ বছর পর আরও একটি নতুন যানবাহন আনার সুযোগও ছিল।
সংসদ গঠনের পর সরকারি দল ও বিরোধী দল আগেই ঘোষণা দিয়েছিল, তারা কেউ এই সুবিধা নেবে না। সেই ঘোষণার ধারাবাহিকতায় এবার আইনগতভাবেও সুবিধাটি বাতিল করা হলো।

এদিকে বিদ্যুৎ পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে সুপারিশ দিতে ১০ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করেছে সংসদ। রোববার চিফ হুইপ নূরুল ইসলামের প্রস্তাবে কমিটি গঠনের সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৩০ দিন। এতে সরকারি ও বিরোধী দলের পাঁচজন করে মোট ১০ জন সদস্য রাখা হয়েছে। তারা বিদ্যুৎ সংকট নিরসনে প্রয়োজনীয় সুপারিশ সংসদে জমা দেবেন।