
ফাইল ছবি
পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। রোববার জাতীয় সংসদে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর এক পয়েন্ট অব অর্ডারের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে দুই দিন আগেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। ফলে পুলিশ, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীগুলো এখন আর জ্বালানি সীমাবদ্ধতার আওতায় নেই।
তিনি আরও বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন, সরকার তা গুরুত্বসহকারে বিবেচনা করেছে। জরুরি সেবায় নিয়োজিত সংস্থাগুলোর ওপর যে নিষেধাজ্ঞা ছিল, তা তুলে নেওয়া হয়েছে এবং বিষয়টি স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, এ ধরনের সমস্যা আর থাকবে না।

এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিংয়ের কারণে পুলিশ রাতে টহল কমিয়ে দিয়েছে। এতে অপরাধমূলক কর্মকাণ্ড বাড়ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে বলেও তিনি সংসদে উল্লেখ করেন।