
ফাইল ছবি
এক সপ্তাহ যেতে না যেতেই আবারও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। সোমবার (২৭ এপ্রিল) ভোরে দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ হোক্কাইদোতে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.২।
জেএমএ জানায়, স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার কিছু আগে হোক্কাইদোর দক্ষিণাঞ্চলে ৮৩ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। উরাহোরো শহরে জাপানের সিসমিক স্কেলে কম্পনের মাত্রা ছিল ‘আপার ৫’ এবং নিইকাপ্পু শহরে ‘লোয়ার ৫’ রেকর্ড করা হয়। তবে আশার কথা হলো, এই শক্তিশালী ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, কম্পনটি কম জনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা কম। তবে জেএমএ কর্মকর্তা আয়াতাকা এবিতা সতর্ক করে বলেছেন, যেসব এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়েছে, সেখানে ভূমিধস ও পাথর ধসের ঝুঁকি বেড়েছে। তিনি আরও জানান, এটি গত সপ্তাহের ভূমিকম্পের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, বরং একটি বিচ্ছিন্ন ঘটনা।

এর আগে গত সপ্তাহে ইওয়াতে উপকূলে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে, যাতে অন্তত ছয়জন আহত হন এবং উপকূলে ৮০ সেন্টিমিটার উচ্চতার সুনামি আঘাত হানে।
জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ, যা প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত। দেশটিতে প্রতিবছর প্রায় দেড় হাজার ভূমিকম্প অনুভূত হয়, যা বিশ্বের মোট ভূমিকম্পের প্রায় ১৮ শতাংশ।
২০১১ সালের ৯ মাত্রার ভয়াবহ ভূমিকম্প ও সুনামির স্মৃতি এখনো দেশটিকে তাড়া করে, যেখানে প্রায় ১৮ হাজার ৫০০ মানুষ নিহত বা নিখোঁজ হন এবং ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।