
যশোরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
দিনব্যাপী সফরে যশোরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যশোরের উদ্দেশ্যে রওনা হন। বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, যশোরে পৌঁছে প্রধানমন্ত্রী প্রথমেই শার্শা উপজেলায় যাবেন। সেখানে তিনি বহুল প্রতিক্ষিত ‘উলশী খাল’ খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এই প্রকল্প উদ্বোধনের পর তিনি স্থানীয় সুধী সমাবেশে ভাষণ দেবেন। এলাকাটিতে এই প্রকল্পকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে।
দুপুরে যশোর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি যশোরবাসীর দীর্ঘদিনের দাবি ‘যশোর মেডিকেল কলেজ হাসপাতাল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। জেলা বিএনপির নেতৃবৃন্দ মনে করছেন, এই হাসপাতালের মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আসবে।


ছবি: সংগৃহীত
বিকেলে যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। তাঁর আগমনকে কেন্দ্র করে গোটা যশোর শহর এখন উৎসবের নগরীতে পরিণত হয়েছে। জনসভা সফল করতে গত কয়েকদিন ধরেই ব্যাপক প্রস্তুতি চালিয়েছে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীরা।
দিনের কর্মসূচি শেষে আজ সন্ধ্যায় যশোর বিমানবন্দর থেকে তিনি বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। রাতে তাঁর রাজধানীতে পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যশোর জেলাজুড়ে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।