
ফাইল ছবি
সন্ধ্যার মধ্যে দেশের ১৩টি জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। ঝড়ের পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও জারি করেছে সংস্থাটি।
সোমবার (২৭ এপ্রিল) সকালে অধিদপ্তরের ফেসবুক পেজে দেওয়া এক জরুরি বার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোণা, সুনামগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, বান্দরবান, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে আজ সকাল ১১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে।

সতর্কবার্তায় বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে, উল্লিখিত জেলাগুলোতে একাধিকবার বজ্রপাত শুরু হতে পারে। বজ্রপাতের তীব্রতা ও ঝুঁকি বিবেচনায় জননিরাপত্তায় বৃষ্টির সময় বা বজ্রপাত চলাকালীন সাধারণ মানুষকে ঘরের বাইরে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ দেওয়া হয়েছে।
সকাল থেকেই আকাশ মেঘলা থাকার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। বিশেষ করে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে কালবৈশাখীর প্রভাব বেশি থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ০২ (দুই) নম্বর নৌ হুঁশিয়ারী সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কুষ্টিয়া, নোয়াখালী, বরিশাল, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে একই দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।