
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী || ফাইল ছবি
পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেয়া জামিন নিয়ে আগামী রোববার (৩ মে) আদেশ দেবেন আপিল বিভাগ। সোমবার (২৭ এপ্রিল) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ এই দিন ধার্য করেন।
গত বছরের ৯ মে ভোরে শহরের দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে তাকে হাইকোর্ট ৫ মামলায় জামিন দেন। এরপর আপিল বিভাগে তা স্থগিত করেন।
পরে ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় হাইকোর্ট থেকে ২৬ ফেব্রুয়ারি জামিন পান আইভী।

পাঁচ মামলার মধ্যে ফতুল্লা থানায় করা বাসচালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে সদর মডেল থানায় অপর মামলাটি হয়েছে তার বিরুদ্ধে।
এরপর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।
গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। এর মধ্যে আরও দুই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।