
দিনেশ ত্রিবেদী
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপির জ্যেষ্ঠ নেতা দীনেশ ত্রিবেদী। সোমবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। শিগগিরই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন।
২০২২ সালের সেপ্টেম্বর থেকে ঢাকায় দায়িত্ব পালন করা পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ৭৫ বছর বয়সী অভিজ্ঞ রাজনীতিক দীনেশ ত্রিবেদী।
ভারতের কূটনৈতিক রীতিতে সাধারণত ইন্ডিয়ান ফরেন সার্ভিসের কর্মকর্তাদের এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়। তবে এবার সেই প্রথার ব্যতিক্রম ঘটিয়ে একজন রাজনীতিককে ঢাকায় পাঠানো হলো।

গুজরাটি ব্যবসায়ী পরিবারে জন্ম হলেও দীনেশ ত্রিবেদী বাংলা ভাষায় সাবলীল। পশ্চিমবঙ্গের রাজনীতি, বাঙালি সংস্কৃতি সম্পর্কে তার ভালো ধারণা রয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তাকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীনেশ ত্রিবেদী একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত ছিলেন। পরে সম্পর্কের অবনতি হলে ২০২১ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কংগ্রেস, জনতা দল ও তৃণমূল কংগ্রেসে দায়িত্ব পালন করেছেন। কেন্দ্রীয় রেলমন্ত্রী ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব সামলেছেন তিনি।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল