
ফাইল ছবি
দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে একটি যাত্রীবাহী ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা ১৪ আরোহীর সবাই নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) সকালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে বলে বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে জানানো হয়েছে।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত ‘সেসনা’ বিমানটিতে ১৩ জন যাত্রী এবং একজন পাইলট ছিলেন। দুর্ভাগ্যবশত, দুর্ঘটনায় বিমানে থাকা ১৪ জনের সবারই মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজন কেনিয়ার নাগরিক এবং বাকি ১২ জন দক্ষিণ সুদানের নাগরিক বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বৈরী আবহাওয়া এবং ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা (ভিবিলিটি) কমে যাওয়ায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে একটি পাহাড়ি এলাকায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলছে এবং চারপাশ কুয়াশায় ঢাকা।

ঘটনার পরপরই বিমান চলাচল কর্তৃপক্ষের একটি বিশেষ দল দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ ও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা নিশ্চিত হতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।