
ফাইল ছবি
রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে দুপুরের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এ ছাড়া ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ঝড়ো হাওয়ার আশঙ্কায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে চলাচলরত নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে। বিশেষ করে কালবৈশাখীর তীব্রতা বাড়লে জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।