
নিহত রাশেদুল হাসান
মালদ্বীপে মোটরসাইকেল দুর্ঘটনায় রাশেদুল হাসান (২০) নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। সোমবার (২৭ এপ্রিল) গুরাইধু দ্বীপে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের এনামুল হকের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন।
বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, রাশেদুল হাসান দেশটির গুরাইধু দ্বীপের একটি কফিশপে কর্মরত ছিলেন। কর্মস্থলে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে ফেরার পথে তিনি দুর্ঘটনার শিকার হন এবং সমুদ্রের পানিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে দ্রুত গুরাইধু হেলথ সেন্টারে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলাম এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

হাইকমিশন থেকে জানানো হয়েছে, তারা নিহতের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছেন। আজ মঙ্গলবার সকল আনুষ্ঠানিকতা শেষে রাশেদুলের মরদেহ দেশের উদ্দেশে বিমানে তুলে দেওয়া হবে। মাত্র ২০ বছর বয়সী এই তরুণের আকস্মিক মৃত্যুতে তার গ্রামের বাড়ি চকরিয়ায় শোকের মাতম চলছে।