
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান || ফাইল ছবি
হামের সংক্রমণ বেড়ে যাওয়ার পর সারা দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে এখন পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ের তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, হাম-রুবেলার টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। ৭ এপ্রিল (সোমবার) সন্ধ্যা পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ জন শিশু হামের টিকা পেয়েছে। প্রতিরোধযোগ্য এই রোগে আর একটি মৃত্যুও যাতে না হয় সরকার সেই চেষ্টা করছে।

জাহেদ উর রহমান বলেন, চলতি সপ্তাহে হামে আরও কিছু শিশুর মর্মান্তিক মৃত্যুর সংবাদ পেয়েছি। আগেও বলেছি এই সংকটটা আমাদের দায় না। তবে মৃত্যুগুলো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিজ্ঞা করছি, প্রতিরোধযোগ্য রোগে সরকারের অবহেলার জন্য একটি মৃত্যুও যেন না হয় সেই চেষ্টা আমরা সর্বত্র করব। টিকার মাধ্যমে যে রোগগুলো থেকে আমরা মুক্ত থাকতে পারি সেগুলোর মধ্যে একটি শিশুর মৃত্যুও আসলে কোনোভাবেই ছাড় দেওয়া যেতে পারে না, এটা খুবই মর্মান্তিক।
স্বাস্থ্য অধিদফতর তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ২২০ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৪৪ শিশু।
অধিদফতরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৩ হাজার ৩৮৬ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২২ হাজার ৪৪২ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ১৮ শিশু বাড়ি ফিরেছে।
গত ১৫ মার্চ থেকে দেশে ৪ হাজার ৬৯৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদফতর।