
ছবি: সংগৃহীত
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে আরও ১ হাজার ২৭৬টি শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে হামে মারা গেছে ৪৭ শিশু। আর উপসর্গে ২২৬ শিশুর প্রাণ গেছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ৩৪ হাজার ৬৬২ শিশুর। তার মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৩ হাজার ৩৪৮ শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১৯ হাজার ৯৯১ শিশু বাড়ি ফিরেছে। আর ৪ হাজার ৮৫৬ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। সময়মতো টিকা না নেয়া এবং আক্রান্তদের সংস্পর্শে আসায় এই প্রাদুর্ভাব দীর্ঘায়িত হচ্ছে। শিশুদের জ্বর ও শরীরে লালচে দানা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং অন্যদের থেকে আলাদা রাখার পরামর্শ দিয়েছেন তারা।
এদিকে হামের সংক্রমণ বেড়ে যাওয়ার পর সারা দেশে চলমান হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে এখন পর্যন্ত ৯৪ লাখ ২৩ হাজার ৭৯৯ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান