
ট্রাম্পকে ফিফার দেওয়া ‘শান্তি পুরস্কার’ নিয়ে শুরু হয়েছে বিতর্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার দেওয়া ‘শান্তি পুরস্কার’ নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার নতুন মোড় নিয়েছে। গত ডিসেম্বরে ওয়াশিংটনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো কর্তৃক এই পুরস্কার তুলে দেওয়ার ঘটনাকে নীতিমালার লঙ্ঘন বলে দাবি করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিসে ক্লাভেনেস সাফ জানিয়ে দিয়েছেন, ফুটবলীয় সংস্থার এমন রাজনৈতিক পুরস্কার দেওয়ার কোনো একতিয়ার নেই। তিনি বলেন, “আমরা চাই এই পুরস্কার বাতিল করা হোক। এ ধরনের কাজ ফিফার দায়িত্বের মধ্যে পড়ে না; শান্তি পুরস্কার দেওয়ার জন্য স্বাধীনভাবে কাজ করছে নোবেল ইনস্টিটিউট।”
এনএফএফ-এর মতে, বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে দেওয়া এই পুরস্কার ফিফার নিজস্ব ‘রাজনৈতিক নিরপেক্ষতা’র নীতিমালা স্পষ্টত লঙ্ঘন করেছে। এছাড়া পুরস্কার দেওয়ার ক্ষেত্রে ফিফার ভেতরের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে ফিফার নৈতিকতা কমিটির কাছে ‘ফেয়ারস্কয়ার’ নামে একটি প্রচারগোষ্ঠী যে অভিযোগ করেছে, তাকেও পূর্ণ সমর্থন দেবে নরওয়ে। আগামী ৩০ এপ্রিল ভ্যাঙ্কুভারে শুরু হতে যাওয়া ‘ফিফা কংগ্রেস’-এ লিসে ক্লাভেনেস বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানাতে পারেন।
উল্লেখ্য, দীর্ঘ প্রতীক্ষার পর নোবেল শান্তি পুরস্কার না পেয়ে হতাশ ট্রাম্পকে ফিফা যখন এই সম্মাননা দেয়, তখন থেকেই সমালোচকরা একে ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ব্যক্তিগত সুসম্পর্কের ফল বলে মনে করছেন।