
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের মাঝিরঘাট বাংলাবাজার এলাকায় রেলওয়ের একটি পরিত্যক্ত বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে বাংলাবাজার এসআরবি স্টেশনে এই আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
এসআরবি স্টেশনের রেলওয়ে নিরাপত্তাবাহিনীর (আরএনবি) ইনচার্জ পঙ্কজ রায় জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো মাদকাসক্ত ব্যক্তি বগিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। স্টেশনের ওই এলাকায় পরিত্যক্ত বগিগুলোতে প্রায়ই মাদকসেবীদের আনাগোনা থাকে বলে জানা গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, বারিক বিল্ডিং সংলগ্ন এসআরবি স্টেশনে রেলের পুরাতন বগিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ইউনিট পাঠানো হয়। বর্তমানে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।