
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট ‘হরমুজ প্রণালি’ পুনরায় সচল করার জন্য ইরান নিজেই যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইরান বর্তমানে ‘ধ্বংসাত্মক’ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা দ্রুত এই নৌপথটি চালু করতে আগ্রহী।
পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান আমাদের জানিয়েছে তারা বর্তমানে ভেঙে পড়ার মতো অবস্থায় রয়েছে। তারা চায় আমরা যেন যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই। এর পাশাপাশি তারা বর্তমানে তাদের নেতৃত্বের পরিস্থিতি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে।’

ট্রাম্প আরও বলেন, ‘আমি বিশ্বাস করি তারা (ইরান) তাদের নেতৃত্বের সংকট কাটিয়ে উঠতে সক্ষম হবে। এই বিষয়ে আপনাদের মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।’
তবে ট্রাম্পের এই চাঞ্চল্যকর দাবির বিষয়ে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা নিশ্চিতকরণ পাওয়া যায়নি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, নিরপেক্ষভাবে যাচাই না করা পর্যন্ত ট্রাম্পের এই দাবিকে সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত।
উল্লেখ্য, ইরান যুদ্ধের জেরে বর্তমানে হরমুজ প্রণালিতে অচলাবস্থা বিরাজ করছে। একদিকে ইরান প্রণালিটি নিয়ন্ত্রণের চেষ্টা করছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সেখানে কঠোর নৌ-অবরোধ আরোপ করে রেখেছে।