
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় স্বাভাবিক করার বিষয়ে নতুন বার্তা দিয়েছে ইরান। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়ি নিক জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসন পুরোপুরি বন্ধ হলে এবং ইরানের নিরাপত্তা নিশ্চিতকারী প্রটোকল মেনে চললে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে তিনি এসব কথা বলেন।
রেজা তালায়ি নিক বলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলে বর্তমানে যে বিধিনিষেধ রয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ সম্পর্কে ইরান অবগত। তবে বর্তমানে যে বিধিনিষেধ রয়েছে, তা মূলত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পাল্টা প্রতিক্রিয়া। তিনি স্পষ্টভাবে জানান, আগ্রাসন পুরোপুরি বন্ধ হওয়া সাপেক্ষে এবং ইরানের নিরাপত্তা বিঘ্নিত হবে না—এমন শর্ত বা প্রটোকল মানলে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়টি তেহরান বিবেচনায় নেবে।

এদিকে, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরান সরকার ও পার্লামেন্ট নতুন একটি আইনগত কাঠামো তৈরির উদ্যোগ নিয়েছে। প্রস্তাবিত এই আইনের আওতায় ইসরায়েল-সম্পৃক্ত জাহাজের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা এবং শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজের ওপর কঠোর কড়াকড়ি আরোপ করা হতে পারে। এছাড়া পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে হওয়া অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে এই রুট ব্যবহারকারী জাহাজের ওপর ‘টোল’ আরোপের পরিকল্পনাও করছে তেহরান।
হরমুজ প্রণালিতে চলাচলে বিধিনিষেধের কারণে ইতিমধ্যে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক বৃদ্ধি পেয়েছে, যা যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে পশ্চিমা দেশগুলোর উচিত ইরানের সঙ্গে দ্রুত একটি কার্যকর সমঝোতায় পৌঁছানো।