
ফাইল ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, বাংলাদেশ পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০টি পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে সহকারী পুলিশ সুপার (এএসপি) পদ ৫০০টি, সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) ৪ হাজার এবং কনস্টেবল পদ ১০ হাজার।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়ার প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ পুলিশে মোট ২ লাখ ১৮ হাজার ৫৫৪টি পদ রয়েছে। এর মধ্যে পুলিশ পদ ২ লাখ ৭ হাজার ৭৪৫টি, নন-পুলিশ পদ ৮ হাজার ৪৭টি এবং নন-পুলিশ আউটসোর্সিং পদ ২ হাজার ৭৬২টি।

তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ২ হাজার ৭০৩টি কনস্টেবল শূন্য পদের বিপরীতে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি সরাসরি ২ হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত সারা দেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা দায়ের হয়েছে। এর মধ্যে হত্যা মামলায় ৬০৪ জন এবং ধর্ষণ মামলায় ৫৩০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন।
তিনি বলেন, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলাগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত সময়ের মধ্যে অভিযোগপত্র দাখিলের কার্যক্রম চলমান রয়েছে।