
সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান
ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি বাড়া কিংবা বাজেটের ওপর কোনো চাপ পড়বেনা বলে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড রাষ্ট্রের এক ধরণের ইনভেস্টমেন্ট। এর মাধ্যমে মূল্যস্ফীতি আরও কমবে।
আজ বুধবার (২৯ এপ্রিল) সকালে সংসদ অধিবেশনের শুরুতেই ‘ফ্যামিলি কার্ডের অর্থায়ন কীভাবে হবে’ সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে এরইমধ্যে প্রান্তিক ও নিম্নআয়ের পরিবারকে সুরক্ষা দিতে ৩৭ হাজার ৮১৪টি পরিবারের ‘নারী প্রধানকে’ ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা দেওয়া শুরু হয়েছে। ফ্যামিলি কার্ডের কারণে বাজেটের ওপর কোনো চাপ পড়বেনা। বরং ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড গ্রামীণ অর্থনীতিকে আরও সচল করবে।
এসময় কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম প্রশ্ন রাখেন রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি রূপে গড়ে তুলতে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে কি না?
প্রশ্নোত্তরে তারেক রহমান বলেন, রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি রূপে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাধ্যমে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। মশক নিধন, বর্জ্য ফেলার স্থান, সবুজায়ন, গ্রাফিতির কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।
তিনি বলেন, ঢাকা দক্ষিণ সিটিতে কোরিয়া ভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতুয়াইল ল্যান্ড ফিল্ডকে সমন্বিত সার্কুলার ইকোনোমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা এবং জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের মাধ্যমে সকল বর্জ্যকে জিরো বর্জ্যতে রূপান্তরে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, উত্তর সিটিতে নগর বনায়ন মিয়োওকি ফরেস্ট, জাপানিজ ফরেস্ট উন্মুক্ত মিডিয়াম জিরো সয়েল সবুজে আবৃত্ত করার চেষ্টা করা হচ্ছে। ঢাকা উত্তরে পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষ রোপন করা হবে। মেট্রোরেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে খালি জায়গায় বৃক্ষ রোপন করা হবে।
পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সবকিছু ঢাকা কেন্দ্রিক গড়ে উঠেছে। সারাদেশে এক সুবিধা গড়ে উঠেনি।
তিনি আরও বলেন, ধীরে ধীরে সকল জায়গায় বেসিক সুবিধা গড়ে তোলা সরকারের লক্ষ্য। বিভিন্ন জায়গায় শিল্পায়ন, চিকিৎসা সেবা, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। তাতে মানুষ কম আগ্রহী হবে ঢাকায় আসতে। এরমধ্য দিয়ে ঢাকার ওপরে চাপ কমাতে পারবো।