
ফাইল ছবি
দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতে একদিনে নয়জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত দেশের ৭টি জেলায় এসব পৃথক প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে জামালপুর ও পটুয়াখালীতে দুইজন করে এবং রাজবাড়ী, রংপুর, ময়মনসিংহ, শরীয়তপুর ও বরগুনায় একজন করে মারা গেছেন।
জামালপুর: আজ সকালে জেলার ইসলামপুর উপজেলায় পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। মাছ ধরতে গিয়ে মরাকান্দি গ্রামের শামীম মিয়া (৩৭) এবং রাস্তা নির্মাণ কাজ করার সময় সাগর ইসলাম (১৮) নামে এক শ্রমিক বজ্রপাতে প্রাণ হারান।
পটুয়াখালী: দুপুরে কলাপাড়ায় বাবা-মায়ের সঙ্গে ক্ষেতে কাজ করার সময় জহির চৌকিদার (২৮) নামে এক যুবক মারা যান। এছাড়া বাড়ির পাশের মাঠে গরু চরাতে গিয়ে সেতারা বেগম (৫৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রাজবাড়ী: সদর উপজেলার মিজানপুর ইউনিয়নে সাড়ে তিন বছরের মেয়েকে কোলে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অলৌকিকভাবে তার কোলের শিশুটি ছিটকে পড়ে গেলেও প্রাণে বেঁচে গেছে।
রংপুর ও ময়মনসিংহ: রংপুরের তারাগঞ্জে মাঠ থেকে গরু আনতে গিয়ে সাহেরা বেগম (৪০) নামে এক গৃহবধূ এবং ময়মনসিংহের তারাকান্দায় বিল থেকে মাছ ধরতে গিয়ে সাদ্দাম হোসেন (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শরীয়তপুর ও বরগুনা: শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীতে মাছ শিকারের সময় বজ্রপাতে রাজিব শেখ (৩২) নামে এক জেলের মৃত্যু হয়। অন্যদিকে বরগুনার আমতলীতে নুর জামাল (৫৪) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বাড়ে, তাই ঝড়ের খোলা মাঠ, নদী বা উন্মুক্ত স্থানে অবস্থান এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।