
ফাইল ছবি
চট্টগ্রাম নগরের আমিরবাগ এলাকায় সংযুক্ত আরব আমিরাত প্রবাসী মো. রফিককে হত্যার দায়ে সাত আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ প্রায় দুই দশক ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক মুহাম্মদ আলী আক্কাস এই রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, মো. হোসেন, জামাল, জসিম ও মিল্টন সরদার। যাবজ্জীবনের পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে, যা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। অন্যদিকে, অপরাধ প্রমাণ না হওয়ায় মামলার অপর আট আসামিকে আদালত খালাস প্রদান করেছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ হাসেম রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, সাক্ষ্য-প্রমাণে প্রবাসীর ওপর হামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এই রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে উপস্থিত ছিলেন। পলাতক অপর তিন আসামি জামাল, জসিম ও মিল্টন সরদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০৭ সালের ১৬ জুলাই সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফেরেন মো. রফিক। ওই বছরের ১৪ আগস্ট রাতে নগরের কদমতলী এলাকায় শ্বশুরবাড়ি থেকে বাজারে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন।
পরবর্তীতে জানা যায়, দুর্বৃত্তরা তাকে হত্যা করে আমিরবাগ এলাকায় ফেলে রেখে যায়। পরে আমিরবাগ এলাকায় তার নিথর দেহ উদ্ধার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ভাই জাকির হোসেন লুলু কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছিলেন। দীর্ঘ ১৯ বছর পর আজ এই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হলো।