
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জট কমিয়ে আনার উদ্যোগ জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, ইতোমধ্যে প্রায় ৭ মাস সেশন জট কমানো সম্ভব হয়েছে এবং আগামী এক বছরের মধ্যে এটি ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ময়মনসিংহ টাউন হলের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের বাড়েরা এলাকায় নতুন আঞ্চলিক কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
এই আঞ্চলিক কেন্দ্র চালু হওয়ায় ময়মনসিংহ ছাড়াও জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলার অধিভুক্ত কলেজ ও প্রফেশনাল ইনস্টিটিউটগুলো এখন স্থানীয়ভাবেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক কাজ সম্পন্ন করতে পারবে।
উপাচার্য আরও জানান, শিক্ষার মান উন্নয়নে কারিকুলাম সংস্কারের কাজ চলছে। এমন কোর্সগুলো অনার্স পর্যায়ে যুক্ত করা হবে, যা শিক্ষার্থীদের আন্তর্জাতিক চাকরির বাজারে সুযোগ বাড়াবে। পাশাপাশি শিক্ষকদের জন্য গবেষণা ভাতা চালু করা এবং তিন হাজার শিক্ষার্থীকে ‘জুলাই স্মৃতি পুরস্কার’ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। এসব পুরস্কার প্রধানমন্ত্রীর হাত থেকে প্রদান করা হবে বলেও জানান।
তিনি মনে করেন, শিক্ষার গুণগত মান বাড়াতে হলে শিক্ষকদের সুযোগ-সুবিধা বৃদ্ধি করা জরুরি। নতুন আঞ্চলিক কেন্দ্র চালুর ফলে ফি আদায়, সনদ প্রদান, খাতা বণ্টনসহ শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান সরকার রোকন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহকারী উপাচার্য প্রফেসর মো. লুৎফর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম।