
হলিউডের পর্দা কাঁপানো অভিনেত্রী মিশেল ফাইফার ২৯ এপ্রিল পা দিয়েছেন ৬৮ বছরে। ১৯৮০-এর দশক থেকে আজ পর্যন্ত হলিউডে নিজের শক্ত অবস্থান ধরে রাখা এই অভিনেত্রী আজও অনেকের কাছে সৌন্দর্যের প্রতীক।
‘স্কারফেস’, ‘ব্যাটম্যান রিটার্নস’ ও ‘দ্য ফ্যাবুলাস বেকার বয়েস’-এর মতো কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। তিনবার অস্কার মনোনয়নপ্রাপ্ত ফাইফার প্রথাগত গ্ল্যামারের বাইরে গিয়ে অভিনয়ের গভীরতা ও ব্যক্তিত্বের জোরে জয় করেছেন দর্শকের মন।
পারিবারিক জীবনে তিনি প্রযোজক ডেভিড ই কেলির সাথে সুখে বসবাস করছেন। ক্যারিয়ারের চেয়ে পরিবারকে প্রাধান্য দিতে একসময় হলিউড থেকে বিরতি নিয়েও তিনি প্রমাণ করেছেন—সৌন্দর্য স্থায়ী নয়, কিন্তু আত্মবিশ্বাসই মানুষকে চিরসবুজ রাখে।
২০২৪ সালের বিশ্বের শীর্ষ ধনী তারকাদের তালিকায় ৪২তম স্থানে থাকা এই অভিনেত্রী শুধু সিনেমার পর্দায় নন, মডেলিং ও ফ্যাশন জগতেও সমান প্রভাবশালী। মার্ভেল সিরিজের মাধ্যমে তিনি আজও নতুন প্রজন্মের কাছে সমান জনপ্রিয়।
মিশেল ফাইফার কেবল একজন অভিনেত্রী নন, তিনি সময়ের গণ্ডি পেরিয়ে আসা এক অনন্য অনুপ্রেরণা।