
ফাইল ছবি
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আজ শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিশাল সমাবেশের আয়োজন করেছে বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে দুপুর ৩টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। মহান মে দিবস উপলক্ষে শ্রমিকদের অধিকার আদায়ের দাবিতে এই সমাবেশের ডাক দিয়েছে দলটি।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশের সার্বিক প্রস্তুতি নিয়ে গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দল সূত্রে জানা গেছে, ঢাকা মহানগরী ছাড়াও আশপাশের জেলাগুলো থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এই সমাবেশে যোগ দেবেন। কেন্দ্রীয় নেতাদের প্রত্যাশা, মে দিবসের এই সমাবেশে লাখো মানুষের সমাগম ঘটবে।
সমাবেশ চলাকালীন জনদুর্ভোগ কমাতে এবং জরুরি সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে আয়োজকরা। জানানো হয়েছে, অ্যাম্বুলেন্স চলাচলের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হবে। এছাড়া নেতাকর্মী ও সাধারণ মানুষের সুবিধার্থে সমাবেশস্থলে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করা হয়েছে।
এবারের মে দিবস একটি বিশেষ প্রেক্ষাপটে পালিত হচ্ছে। দীর্ঘ সময় ন্যূনতম মজুরির জাতীয় বেতন স্কেল ঘোষণা না হওয়া, আউটসোর্সিং নিয়োগ বৃদ্ধি, শ্রমবাজার সংকুচিত হওয়া এবং শিক্ষিত বেকারত্ব বৃদ্ধির মতো বিষয়গুলো শ্রমজীবী মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।