
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান || ফাইল ছবি
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সতর্ক করে বলেছেন, চলমান আলোচনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র আবারও ইরানে হামলা চালাতে পারে। তার মতে, ওয়াশিংটনের ওপর তেহরানের আস্থা এখন “সম্পূর্ণভাবে নষ্ট” হয়ে গেছে।
বৃহস্পতিবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ফোনালাপে তিনি এ মন্তব্য করেন। ইরানের রাষ্ট্রীয় মাধ্যমের বরাতে জানা যায়, পেজেশকিয়ান বলেন—সংলাপ ও কূটনীতি বরাবরই ইরানের অগ্রাধিকার, কিন্তু অতীতে আলোচনার মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে, যা ভবিষ্যতেও ঘটতে পারে বলে আশঙ্কা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া ইরান যুদ্ধের প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ করে দেয় তেহরান, ফলে বিশ্বজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পাকিস্তানের মধ্যস্থতায় ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও ১১ এপ্রিল ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।
এদিকে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের অনুরোধে একতরফাভাবে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেননি। ফলে পুরো পরিস্থিতি এখনো অনিশ্চয়তায় রয়ে গেছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর