
সংগৃহীত ছবি
ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪ আসনের ভোটের ফল ঘোষণা হবে আগামী ৪ মে। এর আগে ভোট গণনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। বুথফেরত জরিপে ভারতীয় জনতা পার্টির সম্ভাব্য জয়ের ইঙ্গিত পাওয়ার পর শাসক তৃণমূল কংগ্রেস সতর্ক অবস্থান নিয়েছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, নির্বাচন কমিশনের সহায়তায় ভোট গণনায় কারচুপি হতে পারে। তাই দলীয় কর্মীদের প্রতিটি গণনাকেন্দ্রের স্ট্রং রুমে ২৪ ঘণ্টা পাহারা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
রাজ্যে এবার ৭৭টি কেন্দ্রে ভোট গণনা হবে, যার মধ্যে কলকাতাতে রয়েছে ৫টি কেন্দ্র। সবচেয়ে বড় কেন্দ্র ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, যেখানে একাধিক আসনের ভোট গণনা হবে। গণনা শুরু হবে সকাল ৮টায়, আর দুপুরের মধ্যেই ফলাফলের প্রবণতা স্পষ্ট হতে পারে।
নিরাপত্তা জোরদারে মোতায়েন থাকবে রাজ্য পুলিশসহ প্রায় ২০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এবং থাকবে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। গণনাকেন্দ্রে প্রবেশে কিউআর কোডযুক্ত পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে এবং মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
এদিকে স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে সন্দেহ প্রকাশ করে তৃণমূল নেতারা বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছেন। পাল্টা অবস্থান নিয়েছে বিজেপিও। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিছু জায়গায় নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করেছে।
সব মিলিয়ে ফল ঘোষণার আগে পশ্চিমবঙ্গে রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে।