
ছবি: সংগৃহীত
প্রবাস জীবনের দীর্ঘ ক্লান্তি শেষে বুকভরা আশা নিয়ে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছিলেন মাগুরার শ্রীপুর উপজেলার আনু বিশ্বাস (৪০)। ইচ্ছা ছিল পরিবারের সঙ্গে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করবেন। কিন্তু নিয়তির নির্মম পরিহাস! দেশের মাটিতে পা রাখার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই চিরবিদায় নিতে হলো তাকে।
শুক্রবার (১ মে) সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করলে তাকে দ্রুত শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।
নিহত আনু বিশ্বাস উপজেলার দারিয়াপুর ইউনিয়নের চৌগাছি পূর্বপাড়া গ্রামের কাদের বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে মালয়েশিয়ায় একটি প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মালয়েশিয়ায় থাকাকালে কিছুটা অসুস্থ বোধ করায় ছুটি নিয়ে দেশে ফিরেছিলেন আনু। ইচ্ছা ছিল পরিবারের সঙ্গে কোরবানির ঈদ করবেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতেই তিনি বাড়িতে পৌঁছান। স্বজনদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে রাত কাটলেও সকাল হতেই নেমে আসে অন্ধকার। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে আর বাঁচানো যায়নি।
নিহত প্রবাসীর স্ত্রী তন্নী খাতুন কান্নায় ভেঙে পড়ে বলেন, “অনেক টাকা-পয়সা খরচ করে আমার স্বামী বিদেশে গিয়েছিলেন। দেশে ফিরে সকালে অসুস্থ হয়ে মারা গেলেন। এখন আমার পরিবারের কী হবে, আমাদের কে দেখবে?”
নিভৃত পল্লীর এই রেমিট্যান্স যোদ্ধার অকাল মৃত্যুতে চৌগাছি গ্রামসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে চারপাশ।