
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২ মে) সিলেট সফরে যাচ্ছেন। আজ শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।
দিনব্যাপী এই সফরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, মাজার জিয়ারত, প্রকল্প উদ্বোধন, খাল খনন কার্যক্রম এবং ক্রীড়া ও সুধী সমাবেশে অংশ নেবেন।
কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করবেন। এরপর সিলেট সার্কিট হাউস সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় শহরের জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশ নেবেন।
দুপুরে সিলেট জেলার সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। বিকেলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
দিনের শেষ পর্যায়ে শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশ নিয়ে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে সিলেট ত্যাগ করার পরিকল্পনা রয়েছে তার।
এর আগে গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলাকালে দীর্ঘ দুই দশক পর সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকার প্রধানের দায়িত্ব গ্রহণের পর প্রথম এই সফরকে কেন্দ্র করে সিলেটজুড়ে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।