
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি মসজিদে দুই শিশুকে যৌন নির্যাতনের মামলায় বাংলাদেশি ইমাম তাজুল ইসলামকে (৬৫) গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। নিউইয়র্ক সিটির জ্যামাইকা এলাকায় অবস্থিত ‘মসজিদ বিলাল’-এ গত ২১ ও ২৭ এপ্রিল পৃথক দুটি ঘটনায় ১০ বছর বয়সি দুই শিশুর ওপর এই নিপীড়ন চালানো হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
অভিযোগের বিবরণ অনুযায়ী, গত ২১ এপ্রিল বিকেল সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে মসজিদের ভেতরে এক শিশুর শরীর স্পর্শ করেন তাজুল ইসলাম। এর কয়েকদিন পর ২৭ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে আরেক শিশুর ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার পরপরই ওই দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পরদিন তাজুল ইসলামকে কুইন্স ক্রিমিনাল কোর্টে তোলা হলে আদালত ২৫ হাজার ডলার বন্ডে তার জামিন মঞ্জুর করেন। তবে আদালত তাকে কড়া নির্দেশ দিয়েছে যেন তিনি ভুক্তভোগী শিশুদের থেকে সম্পূর্ণ দূরে থাকেন। তাজুল ইসলামের বিরুদ্ধে প্রথম ডিগ্রির যৌন নির্যাতনের চারটি অভিযোগ, জোরপূর্বক স্পর্শের চারটি এবং শিশুর কল্যাণ বিপন্ন করার চারটিসহ মোট ১২টি অভিযোগ আনা হয়েছে।
নিউ ইয়র্ক পুলিশ অভিযুক্তের ছবি প্রকাশ করে জানিয়েছে, এই ধরনের আরও কোনো অভিযোগ থাকলে তা যেন সেক্স ক্রাইম হটলাইন নম্বরে যোগাযোগ করে জানানো হয়।