
ফাইল ছবি
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এখন এসে দাঁড়িয়েছে চূড়ান্ত মোড়ে। প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় আজকের শেষ ম্যাচটিই এখন সিরিজ নির্ধারণী ‘ফাইনালে’ রূপ নিয়েছে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ দুপুর ২টায় কিউইদের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে টাইগাররা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মিস করার আক্ষেপ এখন অতীত। বাংলাদেশ দলের হার্ডহিটার ব্যাটার শামীম পাটোয়ারী মনে করেন, দল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তিনি বলেন, “দুর্ভাগ্যক্রমে আমরা বিশ্বকাপটা খেলতে পারিনি, তবে সেটি এখন অতীত। আমরা গত অনেকগুলো টি-টোয়েন্টি সিরিজ জিতেছি এবং দলের মধ্যে ভালো বোঝাপড়া তৈরি হয়েছে। আমরা অবশ্যই জয়ের জন্যই খেলতে চাই।”
অন্যদিকে সফরকারী নিউজিল্যান্ডও সিরিজ হাতছাড়া করতে নারাজ। প্রথম ম্যাচে হারলেও তারা লড়াইয়ের খুব কাছাকাছি ছিল বলে মনে করেন কিউই অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। তিনি জানান, “আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই। প্রথম ম্যাচে আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম। আশা করছি আজ সেরাটা দিয়ে সিরিজে সমতা আনতে পারব।”
চেনা মাঠ, ধীরগতির উইকেট আর স্পিন সহায়ক পরিবেশ—সব মিলিয়ে মিরপুরে সব সময়ই বাংলাদেশ এগিয়ে। প্রথম ম্যাচে স্পিনারদের দাপট এবং মিডল অর্ডারের কার্যকর ব্যাটিং কিউইদের চাপে ফেলেছিল। আজকেও সেই একই কৌশলে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।