
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
হরমুজ প্রণালী ঘিরে সামরিক অভিযানে সমর্থন না পাওয়ায় ইউরোপীয় মিত্রদের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালি ও স্পেন থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকিও দিয়েছেন তিনি। এর আগের দিনই জার্মানি থেকে সেনা কমানোর ইঙ্গিত দেন ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের বরাতে জানা যায়, হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী পুনরায় সচল করার উদ্যোগে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা না পাওয়া ‘ভয়াবহ’।
ইতালি ও স্পেন প্রসঙ্গে ট্রাম্প বলেন, “ইতালি আমাদের কোনো সহায়তা করেনি, আর স্পেনের আচরণ আরও খারাপ। তাই এই দুই দেশ থেকে সেনা সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।”
এ উত্তেজনার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। ইতালি সিসিলির ঘাঁটি ব্যবহার করে মার্কিন অস্ত্রবাহী বিমান চলাচলের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছিল। অন্যদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুরু থেকেই ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র সংঘাতের বিরোধিতা করে আসছেন এবং যৌথ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেননি। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের মন্তব্যের জের ধরেও ট্রাম্প জার্মানিতে সেনা কমানোর হুমকি দেন।
ট্রাম্পের বক্তব্যকে ‘অপ্রত্যাশিত’ বলে উল্লেখ করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেত্তো। তিনি দাবি করেন, সমুদ্র নিরাপত্তা মিশনে ইতালি বরাবরই যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে আসছে। স্পেন এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিলেও দেশটি ট্রাম্পের নীতির কঠোর সমালোচক হিসেবে পরিচিত।
বর্তমানে ইতালিতে প্রায় ১৩ হাজার মার্কিন সেনা সাতটি নৌঘাঁটিতে অবস্থান করছে। স্পেনে রয়েছে প্রায় ৩,৮০০ সেনা, যারা রোটা নৌঘাঁটি ও মোরোন বিমানঘাঁটিতে মোতায়েন। যুক্তরাষ্ট্রের তথ্যমতে, ইউরোপে মোট প্রায় ৬৮ হাজার সক্রিয় সেনা রয়েছে, যার অর্ধেকের বেশি জার্মানিতে।
এদিকে, ট্রাম্পের এই হুমকির সমালোচনা করেছেন রিপাবলিকান প্রতিনিধি ডন বেকন। তিনি এটিকে যুক্তরাষ্ট্রের স্বার্থবিরোধী বলে মন্তব্য করেন।