
প্রধানমন্ত্রী তারেক রহমান
সরকার গঠনের আড়াই মাসের মাথায় আজ শনিবার প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক্কালে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভা করেছিলেন তিনি। তবে এবার দলীয় প্রধান নয়, প্রধানমন্ত্রী হিসেবে এই সফরকে ঘিরে প্রশাসন ও বিএনপির পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
দিনব্যাপী সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাড়ে ১০টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত ও মোনাজাতে অংশ নেবেন। এরপর বেলা ১১টায় সুরমা নদীর তীরবর্তী চাঁদনীঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষে নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তব্য রাখবেন।
দুপুর ১২টায় সদর উপজেলার কান্দিগাঁওয়ে বহুল প্রত্যাশিত বাসিয়া খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সিলেট সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেল ৩টায় জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করবেন তিনি। পরে বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
সফর শেষে সন্ধ্যা ৭টায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে, সফরকে ঘিরে সিলেটে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে সিলেটের উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দাবি তুলে ধরা হবে এবং তাকে বরণে প্রস্তুত রয়েছে সিলেটবাসী।