
আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের স্বস্তি দিতে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম এগিয়ে এনেছে সরকার। খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ—এই ছয় জেলার জন্য আগামী ৩ মে থেকেই সংগ্রহ শুরু হবে।
শুক্রবার (১ মে) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওর অঞ্চলের জন্য পূর্বনির্ধারিত ১৫ মে তারিখ পরিবর্তন করে ৩ মে করা হয়েছে। তবে অন্যান্য জেলায় আগের সিদ্ধান্ত বহাল থাকছে—সেখানে ৩ মে থেকে ধান এবং ১৫ মে থেকে চাল সংগ্রহ শুরু হবে। পুরো কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
চলতি বোরো মৌসুমে সরকার মোট ১৮ লাখ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে ৫ লাখ মেট্রিক টন ধান, ১২ লাখ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ লাখ মেট্রিক টন আতপ চাল কেনা হবে। সংগ্রহমূল্য নির্ধারণ করা হয়েছে—প্রতি কেজি ধান ৩৬ টাকা, সিদ্ধ চাল ৪৯ টাকা এবং আতপ চাল ৪৮ টাকা। পাশাপাশি ৩৬ টাকা দরে ৫০ হাজার মেট্রিক টন গমও সংগ্রহ করা হবে।
সরকার বলছে, হাওর অঞ্চলে আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত ফসল বিক্রি ও সংরক্ষণের সুযোগ করে দিতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এতে কৃষকরা তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পাবেন এবং আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে।