
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
দেশের গণমাধ্যমের স্বাধীনতা শুধু সরকারের চাপে নয়, মালিকপক্ষের স্বার্থসংশ্লিষ্ট ব্যবহারের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (২ মে) বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম ও সাংবাদিকতা বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যমের ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ স্বাধীনতা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্যে সংবাদপত্রের মালিকদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি সরকার ও গণমাধ্যমের মধ্যে একটি স্বাস্থ্যকর ভারসাম্য গড়ে তোলার ওপর জোর দেন।
সরকারের সামনে বিদ্যমান নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে তিনি বলেন, বর্তমান নেতৃত্ব অল্প সময়ের মধ্যেই কার্যকর ফল দেখাতে চেষ্টা করছে। নতুন ধরনের সমস্যার জন্য নতুন কৌশল প্রয়োজন, আর এতে তরুণদের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
জহির উদ্দিন স্বপন আরও জানান, তরুণ সাংবাদিক ও গণমাধ্যম শিক্ষার্থীদের সম্পৃক্ত করে তথ্য মন্ত্রণালয় একটি দক্ষ অংশীদারিত্ব গড়ে তুলতে চায়। এ বিষয়ে শিগগিরই উদ্যোগ বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভা থেকে দেশের গণমাধ্যমের স্বাধীনতা মূল্যায়নের জন্য একটি “মিডিয়া ফ্রিডম ইনডেক্স” চালুর প্রস্তাবও আসে। উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্ব গণমাধ্যম স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫২তম, যা আগের তুলনায় তিন ধাপ নিচে নেমেছে।