aboh
দেশের ভেতরে সৃষ্ট ঘন মেঘমালার প্রভাবে আগামীকাল রোববার থেকে কয়েকটি বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিপাত টানা চার দিন অব্যাহত থাকতে পারে, তবে আগামী বৃহস্পতিবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে।
শনিবার (২ মে) সন্ধ্যায় সর্বশেষ পূর্বাভাসে আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি বর্ষণ হতে পারে। পাশাপাশি সারা দেশেই বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে দেশের বেশিরভাগ এলাকায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে। তবে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার সন্ধ্যা পর্যন্ত সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ১৬২ মিলিমিটার এবং সিলেটে ৮৬ মিলিমিটার।
এদিকে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের উজানে ভারি বৃষ্টির কারণে কয়েকটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সুনামগঞ্জ, নেত্রকোনা ও হবিগঞ্জ জেলার অন্তত পাঁচটি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মনজুর রহমান জানান, প্রাক-মৌসুমি বন্যার কারণে হাওরাঞ্চলের নিম্নাঞ্চলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং নতুন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এসব নদীর পানি আরও বাড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে।
বাংলা টেলিগ্রাফ ভিজ্যুয়াল